অনলাইন ডেক্স:
আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে রাজধানী ঢাকার বায়ুর মান । সর্বশেষ আন্তর্জাতিক বায়ুমান সূচক বলছে, মঙ্গলবার সকালে রাজধানীর বাতাসের গুণগত মান এমন অবস্থায় ছিল, যা শিশু, প্রবীণ, শ্বাসকষ্ট, অ্যাজমা ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ঢাকার স্কোর ছিল ১১৫। এ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শ্রেণিতে অন্তর্ভুক্ত। একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল নবম।
বায়ুদূষণ বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজ থেকে ছড়িয়ে পড়া ধুলাবালি, ইটভাটার ধোঁয়া এবং শিল্পকারখানার নির্গমন দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের প্রধান কারণ। তাদের মতে, সাময়িক অভিযান নয়, বরং দূষণের উৎস নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমেই স্থায়ীভাবে বায়ুর মান উন্নত করা সম্ভব।
এদিকে, একই সূচকে ১৭১ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর যথাক্রমে ১৬৭ স্কোর নিয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৫৭ স্কোর নিয়ে উগান্ডার রাজধানী কাম্পালা এবং ১৫৬ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই রয়েছে শীর্ষ পাঁচে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, সূচক ৩০১ অতিক্রম করলে সেটিকে ঝুঁকিপূর্ণ ধরা হয়। এ অবস্থায় পুরো নগরবাসীর জন্যই স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।


