পাবনা প্রতিনিধি:
পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা করে মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ|
মামলার পর শুক্রবার (১৭ জুলাই) মধ্যরাত থেকে শনিবার ভোর অবধি অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)| বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি রাশিদুল ইসলাম| আটকদের নাম পরিচয় পাওয়া যায়নি|
এব্যাপারে ডিবির ওসি বলেন, মামলার পর শুক্রবার (১৭ জুলাই) মধ্যরাত থেকে শনিবার ভোর অবধি সুজানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারী সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে| গ্রেফতারকৃতদের মধ্যে এজাহারনামীয় ও কয়েকজন অজ্ঞাতনামা আসামি রয়েছে| আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হচ্ছে|
এর আগে এই ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে সুজানগর থানায় উপজেলা ও জেলা শাখার সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে দুটি মামলা দায়ের করেছে পুলিশ|
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে অভিযানে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর এবং মারধর করা হয়| এঘটনায় সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও হত্যার উদ্দেশ্যে পুলিশকে মারধরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে|
এই মামলায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম সোহাগ সহ ৫৫ জনকে নামীয় আসামি করা হয়েছে|
এদিকে একইদিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের নামে আরেকটি মামলা দায়ের করেছে পুলিশ|
এতেও প্রধান আসামি আব্দুল ওহাব| এতে আরো আসামি করা হয়েছে দলটির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল আহাদ বাবু ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সোহাগ সহ নামীয় ৫৭ জনকে| দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও এসব কাজে সহযোগিতার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়েছে| উভয় মামলাতেই ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলেও জানায় পুলিশ|


