শেরপুর প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে আটক করেছে বিজিবি। আটক করা এসব ডিসপ্লের সিজার মূল্য প্রায় ৪৮ লাখ ৫১ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে মোবাইল ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির একটি টহল দল।
২৭ আগস্ট রাতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে আটক করা হয়। বিজিবির দেওয়া তথ্য মতে জব্দ করা এসব মালামালের সিজার মূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা।
তবে এ ঘটনায় চোরাকারবারীদের কাউকে আটক করার তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে মাদক, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বাহিনীটি।


