মোঃ অনিক দেওয়ান, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি বাড়িতে মজুদকৃত ২৫ থেকে ৩০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের দেয়াল ধসে যাওয়ার পাশাপাশি উড়ে গেছে টিনের চাল।
বিকট বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া (মুসা মাওলানা পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে বলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,রাত ৮টার দিকে ইয়াহিয়ার বাড়ির একটি ঘরের মেঝেতে মাটির নিচে পুঁতে রাখা ২৫ থেকে ৩০টি ককটেল একযোগে বিস্ফোরিত হয়। এতে ঘরের দেয়াল ধসে যায় এবং টিনের চাল উড়ে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে


