গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বিবেচনায় পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ইউনিট পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতে একাধিক ইউনিটকে একযোগে কাজ করতে হচ্ছে।
এদিকে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। আগুন কীভাবে লেগেছে, কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যুগান্তরকে বলেন, ‘১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আশা করছি, দ্রুত নিয়ন্ত্রণে আসবে।’
আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।


