Homeজাতীয়তুরাগে তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, জিজ্ঞাসাবাদে বন্ধুর দাবি

তুরাগে তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, জিজ্ঞাসাবাদে বন্ধুর দাবি

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ী ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় তাহসিফের বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।

পুলিশের একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনার সময় তাঁরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় পুলিশের কয়েকজন সদস্য তাহসিফকে ধাওয়া করলে তিনি নদীতে ঝাঁপ দেন। অন্যদিকে দীপ সেখান থেকে পালিয়ে যান। তবে তাঁর এ বক্তব্যের সত্যতা এখনো যাচাই করছে তদন্তকারী সংস্থা।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, দীপকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁকে নিয়ে কয়েকটি স্থানেও যাওয়া হয়েছে। তাঁর দেওয়া বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেলটি উদ্ধার করে পিবিআই। সংস্থাটির কর্মকর্তারা জানান, তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া যায়।

পিবিআই কর্মকর্তাদের ধারণা, রাজবাড়ী ঘাট এলাকাটি মাদকসেবী ও মাদক কারবারিদের আনাগোনার স্থান হিসেবে পরিচিত। মাদক কারবারিদের ধাওয়া খেয়ে তাহসিফ নদীতে পড়ে ডুবে যেতে পারেন। তবে এটি কেবল প্রাথমিক ধারণা; তদন্তে এখনো বিষয়টি নিশ্চিত হয়নি।

পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ শুক্রবার সকালে গণমাধ্যমকে বলেন, উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি তাঁর হতে পারে।

উদ্ধার করা মোটরসাইকেলটি রাজধানীর উত্তরখান থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় নৌপুলিশের তদন্তকাজে সহায়তা করছে পিবিআই।

জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন তাহসিফ। ওই দিন দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে ভয়েস মেসেজ পাঠিয়ে তিনি বাসায় ফেরার কথা জানান। কিন্তু এরপর আর বাসায় ফেরেননি তিনি।

তাহসিফের মৃত্যুর ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। তিনি বলেন, এটি আত্মহত্যা নয়। সরকার সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত অপরাধীদের বের করা সম্ভব হবে।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে উদ্ধার হওয়া মোটরসাইকেলের পরিচয়, দীপের দেওয়া বক্তব্য এবং ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব তথ্য যাচাই এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments