অনলাইন ডেক্স:
চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্যে ‘জীবন-মরণ বাজি রেখে মাঠে নামার’ বার্তা পাঠানোর অভিযোগে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও উসকানির অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির দুই নম্বর সড়কে অবস্থিত পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম ছিল ‘Daydreamer’। ওই অ্যাকাউন্ট থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে রাজনৈতিক বার্তা পাঠানোর তথ্য পাওয়া গেছে। তার পাঠানো বার্তায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি আগামী ডিসেম্বরে জীবন-মরণ বাজি রেখে মাঠে নামার প্রস্তুতির কথাও উল্লেখ ছিল।
একটি বার্তায় তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্যার শুভকামনা। রক্তের শেষবিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার ডিসেম্বরের জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।’
বার্তায় ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাবার নির্দেশে ছোটবেলায় রাজপথে নামার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি। আরেকটি ইংরেজি বার্তায় ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, গত ১০ নভেম্বর জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষায় বার্তা আদান-প্রদানের তথ্য পাওয়া যায়। তদন্তেও এ-সংক্রান্ত তথ্যপ্রমাণ উঠে এসেছে বলে দাবি পুলিশের।
গ্রেপ্তারের আগে তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী। দণ্ডবিধির ১২৪(ক) ও ১৫৩ ধারায় করা মামলায় রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং দাঙ্গা-সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পুলিশ কর্মকর্তা হয়েও জাহাঙ্গীর আলম টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতা ও তাদের মদদদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তাদের মদদে বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘তার মোবাইলে দুটি সুনির্দিষ্ট বার্তা পাওয়া গেছে। সেগুলোতে রাষ্ট্রদ্রোহিতার উপাদান রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তে বিষয়গুলো আরও পরিষ্কার হবে।’
জাহাঙ্গীর আলমের সঙ্গে এ ধরনের ষড়যন্ত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কেউ জড়িত আছেন কি না, সেটিও তদন্ত করা হবে বলে জানান তিনি।
তবে কার কাছে বার্তাগুলো পাঠানো হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘কার কাছে মেসেজ পাঠানো হয়েছে, সেটা এখনো পরিষ্কার নয়। তাকে জিজ্ঞাসাবাদে এ বিষয়ে তথ্য পাওয়া যাবে।’
রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফা তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি তদন্ত করছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পরিদর্শক রাসেল মাহমুদ।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০১০ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি পুলিশ সুপার পদমর্যাদায় আরআরএফ, চট্টগ্রামের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার চাঁদাপাশা গ্রামে।
এদিকে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।


