অনলাইন নিউজ ডেক্সঃ
শেখ হাসিনার বিচার বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ীই হবে। এ বিষয়ে ভারত বা অন্য কোনো দেশের কথা বলার সুযোগ নেই। সরকারকে অন্যায় চাপ দিয়ে কোনো সিদ্ধান্তে বাধ্য করা যাবে, এমন যুগ শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের একজন আসামির বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের আইনেই নির্ধারিত হবে। এ নিয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না। তারা এ বিষয়ে কথা বলবে বলেও তিনি বিশ্বাস করেন না। সরকার কোনো ধরনের চাপে নেই।
এদিকে দেশে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর মাধ্যমে শুধু বিনোদনের সুযোগ তৈরি হবে না, তরুণ প্রজন্মের বিপথে যাওয়ার প্রবণতা থেকেও তাদের ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করে সরকার।
২০২৭ সালের হজ চুক্তি সৌদি আরবের সঙ্গে সম্পন্ন হয়েছে জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ চুক্তি নিয়ে পরবর্তী সময়ে কী হতে যাচ্ছে, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কী চাওয়া হবে এবং কীভাবে বিষয়টি উপস্থাপন করা হবে, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে জানানো হবে।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে গঙ্গা পানি চুক্তি নিয়ে আলোচনা বা সমঝোতার সরাসরি কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসলে যেকোনো চুক্তি সই হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে।
অন্যদিকে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নামে সাধারণ মিছিল করাও বেআইনি বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এসব কর্মসূচিতে নৃশংসতা ও সহিংসতার চিত্র দেখা গেছে। এ ধরনের ঘটনা সরকার কোনোভাবেই সহ্য করবে না।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমনভাবে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হবে, যাতে তা কার্যকর হয় এবং বলপ্রয়োগের মাত্রা আনুপাতিক থাকে। সহিংসতার ঘটনায় যাদের ছবি দেখা গেছে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান ডা. জাহেদ উর রহমান।


