Homeজাতীয়লাকসামে ৭৫ পিস ইয়াবাসহ যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

লাকসামে ৭৫ পিস ইয়াবাসহ যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহিন হোসেন (৪০) নামে এক যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার বিজরা বাজার ও পৌরশহরের নশরতপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মহিনের কাছ থেকে ৬০ পিস এবং অপর দুইজনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মহিন হোসেন উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের বড় বিজরা গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে পরিচয় দিয়ে থাকেন। অপর দুইজন হলেন লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নশরতপুর গ্রামের মৃত মাকসুদ আলমের ছেলে জহিরুল ইসলাম (২৮) এবং ৪ নম্বর ওয়ার্ডের পেয়ারাপুরে একটি খাদ্য মিলে কর্মরত মিজানুর রহমান (৩৫)। মিজানুরের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদ্রা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল বিজরা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মহিন হোসেনকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই দিন এসআই মো. নাজমুল কবিরের নেতৃত্বে পুলিশের আরেকটি দল পৌরশহরের নশরতপুর এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ১৫ পিস ইয়াবা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লাকসাম থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিনজনকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, গ্রেপ্তার মহিন হোসেনের রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় যুবদল নেতাদের মধ্যে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। বিজরা এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, মহিন নিজেকে বাকই (দক্ষিণ) ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন। তাঁর প্রভাবের কারণে অনেকে ভয়ে তাঁর বিরুদ্ধে কথা বলতে সাহস পেতেন না।

তবে বাকই (দক্ষিণ) ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. ওমর ফারুক দাবি করেন, মহিন হোসেন ইউনিয়ন যুবদলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি একজন প্রবাসী এবং যুবদলে তাঁর কোনো পদ-পদবি নেই। তবে দেশে ফেরার পর তাঁকে যুবদলের বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিতে দেখা গেছে।

লাকসাম উপজেলা যুবদলের সভাপতি মো. জিল্লুর রহমান ফারুক বলেন, যুবদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক কারবারি ও সেবনকারীদের কোনো দলীয় পরিচয় নেই। তাঁদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী তিনজনকে গ্রেপ্তার, ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ছাড়া কিশোর গ্যাং, নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments