লাকসামে ছাগল চুরির ঘটনায় ৫টি ছাগলসহ হাতেনাতে দুই চোরকে আটক করেছে লাকসাম থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁনগাঁও আবেদনগরে।
পুলিশ জানায়, ১৫ এপ্রিল (বুধবার) ভোর পৌনে ৫টার দিকে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁনগাঁও আবেদনগর এলাকার মাওলানা মো. আবু তাহেরের ছাগল রাখার ঘর থেকে সিএনজিতে করে ৫টি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় পাশ্ববর্তী নোয়াপাড়া বাজার সংলগ্ন লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের নোয়াপাড়া জামে মসজিদের পাশে রাস্তার উপর স্থানীয় লোকজনের সহায়তায় লাকসাম থানা পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে ৫টি ছাগল ও একটি সিএনজিসহ দুই চোরকে আটক করে।
আটককৃতরা হলো- কুমিল্লা কোতয়ালী থানার আড়াইওড়া (পালপাড়া স’মিল সংলগ্ন) এলাকার আব্দুল হালিমের ছেলে মো. জনি (২৮) ও একই জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ চান্দলা (বলাখাল) এলাকার আহেদ মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৩৫)।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ জানান, আটককৃত কুমিল্লা কোতয়ালী থানার আড়াইওড়া (পালপাড়া স’মিল সংলগ্ন) এলাকার আব্দুল হালিমের ছেলে মো. জনির বিরুদ্ধে ৩টি চুরির মামলা এবং ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ চান্দলা (বলাখাল) এলাকার আহেদ মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, ওই ঘটনায় উদ্ধারকৃত ছাগলের মালিক বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। বুধবার সকালে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।