পাবনা প্রতিনিধি:
পাবনা প্রেসক্লাবের উদ্যোগ এবং ভিশন স্প্রিং-এর সহযোগিতায় জেলায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দুই দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে ফিতা কেটে ও নিজের চোখ পরীক্ষার মাধ্যমে এই চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা সাংবাদিকদের এবং তাদের পরিবারের সদস্যদের চোখের সার্বিক পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে যাদের চোখের দৃষ্টিতে সমস্যা রয়েছে, তাদের তাৎক্ষণিকভাবে বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা অহর্নিশ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার সুযোগ পান না। এই ধরনের আয়োজন সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় এবং দৃষ্টিশক্তির সমস্যা দূর করতে দারুণ ভূমিকা রাখবে। দুই দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পে জেলার বিপুল সংখ্যক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা সেবা নিচ্ছেন।


