আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা:
যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে জুলাই শহিদ দিবস ২০২৬।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীর টাউন হল প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শহিদ পরিবারের সদস্যরা এ সময় শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি কর্পোরেশনের প্রশাসক, উন্নয়ন কর্তৃপক্ষ কুমিল্লার প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহিদদের আদর্শ ও ত্যাগ দেশের অগ্রযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


