হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) পড়ার জন্য প্রায় ৭৩ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) বৃত্তি পেয়েছেন। চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় প্রতিবছর তিনি ১৫ হাজার মার্কিন ডলার পাবেন।
আজ মঙ্গলবার ( ১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠি দিয়ে জেমিকে বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জেমি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৫ সালে তিনি কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর গত ২০ জুলাই থেকে শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন। প্রোগ্রামটি সফলভাবে শেষ করার পর শেভরনের সহায়তায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার সুযোগ পান তিনি।
বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের সামার স্কুলে অংশ নেওয়া জেমির জন্য সহজ ছিল না। তবে নিজের আগ্রহ, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি সফলভাবে প্রোগ্রামটি শেষ করেন।
জেমির বাবা আফজল আলী শায়েস্তাগঞ্জের পশ্চিম লেঞ্জাপাড়ার বাসিন্দা। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। পরিবারের নানা প্রতিকূলতার মধ্যেও কলেজ কর্তৃপক্ষের সহায়তায় জেমি পড়াশোনা চালিয়ে যান।
বৃত্তি পাওয়ার প্রতিক্রিয়ায় জেমি বলেন, ‘এ রকম একটি বৃত্তির কথা শুনে, প্রথমে বিশ্বাস হচ্ছিল না। বার বার চিঠি পড়ে বিশ্বাস তৈরী করছিলাম। এখন নিজেকে প্রস্তুত করা শুরু করেছি। আমাকে আরো এগোতে হবে। পাশাপাশি আমি চাই আরো শিক্ষর্থীরা এ ভিত্তি অর্জন করুক।’
জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, সদিচ্ছা, প্রচেষ্টা ও প্রতিভার সমন্বয় থাকলে যেকোনো প্রতিবন্ধকতা অতিক্রম করে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো সম্ভব-জেমি তার প্রমাণ।
তিনি আরো বলেন, জেমির এ অর্জনে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।


