কুমিল্লা প্রতিনিধি।।
‘রুখবো মাদক, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়। এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর প্রধান সড়কগুলো। র্যালিতে অংশগ্রহণকারীরা ‘মাদকবিরোধী আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘অ্যাকশন টু অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজ ও দেশকে রক্ষায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ আরও জোরদার করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা, আয়ারল্যান্ড যুবদলের প্রতিষ্ঠাতা ইমরান শুভ, কুমিল্লা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার ঈশান, স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম প্যারিসসহ কুমিল্লা মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


