নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারহান ইসলাম (৭) ও লাম হোসেন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ফারহান ইসলাম ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম হোসেন একই গ্রামের বাবলু হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের নন্দকুঁজা নদীতে একসঙ্গে গোসল করতে নামে ফারহান ও লাম। গোসলের এক পর্যায়ে নদীর প্রবল স্রোতের টানে তারা দুজনই পানিতে তলিয়ে যায়। এসময় নদীর পাড়ে থাকা অর্জুন হালদার নামে এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন এবং সঙ্গে সঙ্গে পানিতে নেমে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর পানির নিচ থেকে ফারহান ও লামকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


