নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে একটি চক্রের চারজন সক্রিয় সদস্যকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। এরআগে সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- মহারাজপুর মধ্যপাড়া গ্রামের মোঃ নুমির প্রামানিকের ছেলে মোঃ বাবুল আহম্মেদ (২৮), একই গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ ওমর ফারুক (১৯), আব্দুলপুর বাঁশবাড়িয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোঃ সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) এবং মহারাজপুর মধ্যপাড়া গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ মাহফুজ হোসেন (২১)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সোমবার রাত সাড়ে তিনটার দিকে মহারাজপুর মধ্যপাড়া গ্রামের সাগর আহম্মেদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ি থেকে হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত চারজনকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং করে প্রবাসীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহার করে হ্যাকিং ও প্রতারণার মাধ্যমে প্রবাসীসহ বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। পুলিশের অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে প্রধান আসামি বাবুল আহম্মেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।


