নাটোর প্রতিনিধি:
নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ মাদক বিক্রেতা ও ক্রেতাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে র্যাব-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন বাজার এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আটক ব্যক্তিদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদকের সন্ধান পাওয়া যায়। পরে তাদের পায়ুপথে কনডমের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার হওয়া হেরোইনের চালানটি কুষ্টিয়া থেকে জয়পুরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটক ব্যক্তিদের মধ্যে মিন্টু (৪৫) জয়পুরহাটের পাঁচবিবি থানার রতনপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে। র্যাবের তথ্যমতে, তিনি হেরোইনের ক্রেতা। অপর আটক শাকিবুর (৩৮) রাজশাহীর গোদাগাড়ী থানার মৈশালবাড়ি গ্রামের আখতারের ছেলে। প্রাথমিকভাবে তাকে মাদক বিক্রেতা হিসেবে চিহ্নিত করেছে র্যাব।
এ সময় তাদের আরও তিন সহযোগীকেও আটক করা হয়।
র্যাব জানিয়েছে, আটক পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


