আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সংবাদ সংগ্রহে যাওয়ার পথে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৬ আগস্ট) রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ।
পুলিশ জানায়, সাংবাদিকদের ওপর হামলার পর অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিবি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে রাত ৩টার দিকে বিজয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন—যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবদুল্লাহ আল মারুফ।
সাংবাদিক তানভীর দীপু জানান, তারা সংবাদ সংগ্রহের জন্য লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনে স্থানীয়দের তৈরি লোহার ব্যারিকেডের কারণে যানজট সৃষ্টি হয়। যানজটের কারণ জানতে গিয়ে তিনি ব্যারিকেড সরিয়ে যানবাহন চলাচলে সহযোগিতা করছিলেন।
এ সময় স্থানীয় শাওন নামে এক যুবকের সঙ্গে এ নিয়ে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবক তাকে ধাক্কা দেন। পরিস্থিতি সামাল দিতে সহকর্মী আবদুল্লাহ আল মারুফ এগিয়ে এলে ওই যুবক রড হাতে তাদের দিকে তেড়ে আসেন বলে অভিযোগ করেন তানভীর।
স্থানীয়রা তাকে সরিয়ে দিলে সাংবাদিকরা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পর ওই যুবক পেছন থেকে এসে তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে। এতে এক সাংবাদিক আহত হয়ে মাটিতে পড়ে যান এবং তানভীর দীপুকেও মারধর করা হয়।
ঘটনার পর সাংবাদিকদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
কুমিল্লা জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দেশ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সুমন কবির প্রধান আসামিকে গ্রেপ্তার করায় জেলা পুলিশ ও ডিবিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হলে এ ধরনের অপরাধ কমে আসবে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।


