লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, ব্যানার-ফেস্টুন ও দলীয় স্লোগানে উৎসবমুখর পরিবেশে কুমিল্লার লাকসামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে লাকসাম পৌর শহরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়ামের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে এতে অংশ নেন। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও বাজারের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে লাকসাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন হাজী মো. আনোয়ারুল হক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু।
লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান ফারুকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন লাকসাম পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. মাহবুবুল হক মনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ ও সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যুবদলের দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, সাংগঠনিক ইতিহাস ও ঐতিহ্য স্মরণ করা হয়। পাশাপাশি নতুন প্রজন্মের নেতাকর্মীদের সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।


