Homeজাতীয়শ্রমিক আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক আন্দোলনের নামে যারা সহিংসতা ও নাশকতা করছে, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমানে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন চলছে না। শ্রমিকদের প্রধান দাবি ছিল মজুরি বোর্ড গঠন, ইতোমধ্যে সেই বোর্ড গঠন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রমিকরা কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। কিন্তু সাম্প্রতিক ঘটনায় মুখোশধারীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের সেখানে রাজনৈতিক স্লোগান দিতেও দেখা গেছে। এসব ঘটনা থেকে বোঝা যায়, আন্দোলনের নামে সহিংসতাকারীদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিক নেতারা তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যা বৈঠকে তুলে ধরেন।

এর আগে সোমবার সকালে সচিবালয়ে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবারই বোর্ডের প্রথম সভা হতে পারে, অথবা খুব শিগগিরই সভা অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং তাঁদের জীবনমানের উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শ্রমিকদের সমস্যাগুলো অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখতে হবে। বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়েই নতুন মজুরি নির্ধারণ করা হবে। এ নিয়ে অসন্তোষের কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, মালিক ও শ্রমিক—উভয় পক্ষের সঙ্গে আলোচনা এবং সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে মজুরি বোর্ড একটি গ্রহণযোগ্য ন্যূনতম মজুরি নির্ধারণ করতে সক্ষম হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments