Homeজাতীয়মাস্টারকে মুক্তির আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার: ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল...

মাস্টারকে মুক্তির আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার: ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধ থাকা ফেরি চলাচল পাঁচ ঘণ্টা পর আবার শুরু হয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে নেন ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। এরপরই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, গত শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে তরিকুল ইসলাম (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়। এ ঘটনায় চাঁদপুরের আলুবাজার নৌ-পুলিশ ফাঁড়ি ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার ভোর ৬ টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, অন্যায়ভাবে মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলেও ঘোষণা দেন তারা।

এদিকে, ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে দেড় শতাধিক যানবাহন। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে বেলা ১১টার দিকে ফেরি চলাচল শুরু হলে ধীরে ধীরে যানবাহন পারাপার স্বাভাবিক হতে থাকে।

বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশনের (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, আমাদের চেয়ারম্যান মহোদয় আশ্বাস দিয়েছেন, আজকের মধ্যে আমাদের মাস্টারকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। তার আশ্বাসে আজকের মতো কর্মবিরতি প্রত্যাহার করেছি। অন্যথায় আগামীকাল থেকে সারা দেশে কর্মবিরতি পালন করব।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ও শর্তসাপেক্ষ আশ্বাসের পর মাস্টার অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহার করেছে। এরই মধ্যে ফেরি চলাচল শুরু হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments