নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
আগামী এক মাসের মধ্যে ঢাকা-লাকসাম-নাথেরপেটুয়া রুটে ২০টি আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নিয়ে নতুন পরিবহন সার্ভিস চালুর ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এমপি মো. আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে একটি পরিবহন কোম্পানির মাধ্যমে ২০টি আধুনিক এসি বাস নিয়ে এ যাত্রীসেবা চালু করা হবে। তবে আপাতত পরিবহন কোম্পানিটির নাম প্রকাশ করা হয়নি। আগামী এক মাসের মধ্যে নির্ধারিত সময় অনুযায়ী বাসগুলো সড়কে নামিয়ে যাত্রীসেবা চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, এ পরিবহন প্রকল্পে স্থানীয়দের সম্পৃক্ত করতে উন্মুক্ত বিনিয়োগের সুযোগ রাখা হবে। ফলে এলাকার আগ্রহী ব্যক্তিরা এ উদ্যোগে বিনিয়োগের মাধ্যমে অংশীদার হওয়ার সুযোগ পাবেন। এ সময় তিনি পরিবহন খাতের উন্নয়ন ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে স্থানীয় উদ্যোক্তা ও আগ্রহীদের এগিয়ে আসার আহ্বান জানান।
নতুন এ বাস সার্ভিস চালু হলে ঢাকা-লাকসাম-নাথেরপেটুয়া রুটে যাতায়াতকারী যাত্রীদের জন্য উন্নত ও স্বাচ্ছন্দ্যময় পরিবহনসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয়দের বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।


