চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে| আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা পরিষদ চত্বরে ২৯২ জন ছাত্রছাত্রীর মাঝে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়|
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথির বক্তব্য রাখেন| সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড.একেএম সাইফুর রশিদ , সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ ও জেলা শিক্ষা অফিসার আনিছুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন|
এসময় চুয়াডাঙ্গা জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে ২৯২ জন ছাত্রছাত্রীকে ১৮ লাখ ২৬ হাজার টাকার চেক প্রদান করেন| এরমধ্যে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ১৫০ জনকে ৫ হাজার টাকা করে ৭ লাখ ৫০ হাজার টাকা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০৪ জনকে ৭ হাজার টাকা করে ৭ লাখ ২৮ হাজার, প্রকৌশল বিভাগে ১৬ জনকে ৮ হাজার টাকা করে ১ লাখ ২৮ হাজার টাকা এবং মেডিকেল ও ডেন্টালে ২২ জনকে ১০ হাজার করে ১ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়|
শিক্ষাবৃত্তির জন্য মোট ৮০৪ ছাত্র ছাত্রী আবেদন করেন| বাছাই শেষে ২৯২ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে|


