অনলাইন ডেস্ক:
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার মোট ৩১ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া মোহাম্মদ এনামুল হককে সিলেট মহানগর থেকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষ ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে। একই পদে থাকা পরিতোষ ঘোষকে পার্বত্য জেলা এপিবিএন কার্যালয়ে বদলি করা হয়েছে।
এ ছাড়া স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমানকে খুলনা রেঞ্জে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে থাকা অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
বদলির তালিকায় সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতেই এসব বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বদলি-পদায়নসংক্রান্ত আদেশ প্রকাশ করা হয়ে থাকে।


