Homeআন্তর্জাতিকফ্লোরিডায় ছোট বিমান বিধ্বস্ত, ৯ আরোহীর সবাই নিহত

ফ্লোরিডায় ছোট বিমান বিধ্বস্ত, ৯ আরোহীর সবাই নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বিমানটিতে থাকা ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্রেস্টহেভেন এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনাস্থলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ৯ মাইল বা ১৪ কিলোমিটার দূরে। এটি ফ্লোরিডার পাম বিচ কাউন্টির একটি অভিজাত এলাকায় অবস্থিত।

দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে আবাসিক এলাকার একটি সড়কে বড় গর্ত এবং চারপাশে আগুনের চিহ্ন দেখা গেছে। বিমানটির ভাঙা অংশ, কংক্রিটের টুকরা ও অন্যান্য ধ্বংসাবশেষ সড়কজুড়ে ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি লিয়ারজেট ৬০ মডেলের। এটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করে বাহামার উদ্দেশে যাচ্ছিল।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন ও বিমানটির গতিপথ বিশ্লেষণে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি অত্যন্ত দ্রুতগতিতে নিচের দিকে নামছিল। প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট নিচে নেমে আবাসিক এলাকার কাছে আছড়ে পড়ে এটি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুর্ঘটনার ভয়াবহ মুহূর্ত দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় ধারণ করা দৃশ্যে দেখা যায়, আবাসিক এলাকার একটি সড়ক দিয়ে গাড়ি চলার সময় হঠাৎ একটি বিমান প্রায় খাড়াভাবে নিচে নেমে মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই সেখানে বিশাল আগুনের গোলা তৈরি হয়।

দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে, চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।’

বিমানটির আরোহীদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। গভর্নর ডিস্যান্টিস জানান, দুর্ঘটনায় মাটিতে থাকা অন্য কারও নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে ঘটনাস্থলে একটি তদন্তকারী দল পাঠাচ্ছে এফএএ।

দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বিমানটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হলো, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments