আজিজ শাহিন. বরিশাল প্রতিনিধি:
নারী শিক্ষার প্রসারে বরিশালের গৌরবময় ইতিহাস বহনকারী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব নানা আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস ও স্মৃতিচারণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
১৩ নভেম্বর শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষিকাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।
শত বছরের পথচলা, শিক্ষা-ঐতিহ্য ও অসংখ্য শিক্ষার্থীর স্মৃতিকে ঘিরে আয়োজিত এ উৎসব প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করেছে। উৎসবে প্রায় তিন হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করে অংশগ্রহণ করেন বলে জানান উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
শতবর্ষের উৎসব
সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। গোলাপি-সাদা পোশাকে সাজানো প্রাক্তন শিক্ষার্থীরা ফেস্টুন, ব্যানার ও কালার স্মোকসহ শোভাযাত্রাটি নগরীর কাকলীর মোড়, নগর ভবন ও বিবির পুকুর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসেন।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ পর্ব। বিভিন্ন বয়সের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের স্কুলজীবনের স্মৃতি, আনন্দ-বেদনা ও আবেগঘন অভিজ্ঞতা তুলে ধরেন। দীর্ঘদিন পর সহপাঠীদের মুখোমুখি হয়ে অনেকেই আবেগাপ্লুত হন।
দুপুরের খাবারের বিরতির পর শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। এ সময় অতিথিরা শতবর্ষপূর্তির কেক কাটেন এবং বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন।
সন্ধ্যায় প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। রোমিও ব্রাদার্সের ব্যান্ড সংগীত পরিবেশনা উৎসবে নতুন মাত্রা যোগ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানজিদা শাহনেওয়াজ ও সোনিয়া আল আকসা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা হোসেন, প্রাক্তন শিক্ষিকাবৃন্দ এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন ১৯৬০ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীসহ বিভিন্ন প্রজন্মের সাবেক ছাত্রীরাও।
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সূচনা নারী শিক্ষার প্রসারের আন্দোলন থেকে। ১৮৭৩ সালে সমাজকর্মী, শিক্ষানুরাগী ও বরিশাল পৌরসভার একাধিকবারের চেয়ারম্যান শরৎচন্দ্র গুহ কয়েকজন বিদ্যানুরাগীর সহায়তায় বগুড়া রোডে নিজের জমিতে মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
পরে প্রতিষ্ঠানটি ‘বরিশাল সদর বালিকা বিদ্যালয়’ নামে কার্যক্রম বিস্তৃত করে। ১৯২৩ সালে এটি ‘বরিশাল সদর বালিকা উচ্চবিদ্যালয়’ নামে পূর্ণাঙ্গ উচ্চবিদ্যালয়ে রূপ নেয়। এ কারণে বিদ্যালয়টির শতবর্ষপূর্তি উদযাপিত হচ্ছে।
১৯৪৫ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন কবি জীবনানন্দ দাশের ফুপু স্নেহলতা দাশ। ১৯৬১ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং নাম হয় ‘বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়’।
বিদ্যালয়টি কেবল শিক্ষাপ্রতিষ্ঠান নয়; ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসেও এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধ শুরুর পর দেশের প্রথম বেসরকারি সচিবালয় এ বিদ্যালয়ে স্থাপিত হয়েছিল। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিদ্যালয় প্রাঙ্গণ স্বাধীনতার প্রস্তুতি ও সংগঠনের কেন্দ্রে পরিণত হয়েছিল।
শতবর্ষের গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এ উৎসব বিদ্যালয়ের ঐতিহ্য, গৌরব ও সাফল্যের স্মারক হয়ে থাকবে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় আনন্দ, উচ্ছ্বাস ও স্মৃতির এক প্রাণবন্ত উৎসব।


