শেরপুর প্রতিনিধি:
শেরপুর শহরের থানা মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি প্রাইভেটকারসহ চারটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। রোববার (১৯ জুলাই) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টা এবং ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে আগুন নিয়ন্ত্রণে এলেও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মক ক্ষতির মুখে পড়ে।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে একটি বাস কাউন্টার, দুটি ফুলের দোকান, একটি ডেন্টাল ক্লিনিক এবং একটি ব্যক্তিগত প্রাইভেটকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি প্রাইভেটকারের সামনের অংশ থেকে আগুনের শিখা দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকান ও প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রেড ক্রিসেন্টের সদস্য এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী লিটন মিয়া জানান, বাস কাউন্টারের পেছনের দিকে আগুন দেখতে পেয়ে এগিয়ে যান। পরে তিনি প্রাইভেটকারের সামনের অংশে আগুন জ্বলতে দেখেন। এরপর স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
স্থানীয় বাসিন্দা বাপ্পী বলেন, ধোঁয়া দেখে ঘটনাস্থলে এসে দেখা যায় গাড়ির সামনের অংশে আগুন জ্বলছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তিনি নিশ্চিত নন। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে বাস কাউন্টার এলাকা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।


