হবিগঞ্জ প্রতিনিধি: কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় নিশ্চিত করতে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) জেলার বিভিন্ন সার ডিলার ও বিক্রয় কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।
মোবাইল কোর্ট চলাকালে সার ডিলার ও বিক্রয়কেন্দ্রগুলোতে কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে সার কিনতে পারছেন কি না, তা তদারকি করা হয়। একই সঙ্গে বিক্রেতাদের ক্যাশ মেমো সংরক্ষণ, মজুদ রেজিস্টার ও বিক্রয় রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি না করতে সংশ্লিষ্ট ডিলার ও বিক্রেতাদের সতর্ক করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য সরকার নির্ধারিত মূল্যে সার ও বীজের সহজলভ্যতা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।


