ত্রয়োদশ জাতীয় সংসদে আরও পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত দুটি বিদ্যমান সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।
নতুন গঠিত পাঁচটি কমিটির মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানকে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগারকে।
এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামকে।
নতুন পাঁচটি কমিটি গঠনের পাশাপাশি দুটি বিদ্যমান সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।
অন্যদিকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক সংসদীয় কমিটি।
মঙ্গলবার নতুন করে পাঁচটি কমিটি গঠনের ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে এ পর্যন্ত মোট ৪৫টি সংসদীয় কমিটি গঠিত হলো।
সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ এবং সংসদীয় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


