Homeজাতীয়আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন

আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। এ সময় তিনি জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন বলেও জানিয়েছেন।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

পদত্যাগের বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করে ইশরাক লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’

প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিলেও মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক হোসেন। তিনি বলেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব।’

পোস্টের শেষাংশে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

এর আগে রোববার (১৮ অক্টোবর) রাতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার করা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরকে ‘গুজব’ বলে উল্লেখ করেন ইশরাক হোসেন। এ বিষয়ে তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শত শত ফোন আসছে, গুজবে কান না দেয়ার অনুরোধ জানাচ্ছি।’

তবে সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানানোয় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে তিনি কী ঘোষণা দেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।

গত শনিবার (১৭ অক্টোবর) নিজের সংসদীয় আসন ঢাকা-৬-এর আওতাধীন গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় অভিযান চালান ইশরাক হোসেন। ওই অভিযানে মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অভিযান চলাকালে তাঁর অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযানের ধরন, অস্ত্র প্রদর্শন এবং এ-সংক্রান্ত রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মতামত প্রকাশ করা হয়।

এরই মধ্যে রোববার রাতে ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর প্রচারিত হলে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। যদিও তখন তিনি খবরটিকে গুজব বলে দাবি করেন।

সর্বশেষ সোমবার নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়ে তিনি মাদকের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। এখন জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে তাঁর বক্তব্য এবং পদত্যাগের বিষয়ে পরবর্তী অবস্থান কী হয়, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments