মনোহরগঞ্জ প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, জুলাই শহীদ দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জিপিএ-৫ অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তবে শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না। জ্ঞান, নৈতিকতা, সততা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অর্জিত মেধা ও জ্ঞান যেন সমাজ ও মানুষের কল্যাণে কাজে লাগে, সেদিকেও শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।”
তিনি আরও বলেন, মেধা একজন শিক্ষার্থীর বড় সম্পদ। সেই মেধাকে সঠিকভাবে বিকশিত করতে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চা প্রয়োজন। পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি চরিত্রবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হুমায়ন কবির সেলিম, উত্তর হাওলা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোহরগঞ্জ উপজেলা সেক্রেটারি জহিরুল ইসলাম, উত্তর হাওলা ইউনিয়ন জামায়াতের আমির মনিররুজ্জামান ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, মনোহরগঞ্জ উপজেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি মীর হোসেন এবং উপজেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি ইয়াকুব হাসান রিপাতসহ অনেকে।
উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নজরুল ইসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাবেক সভাপতি রিয়াদ হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


