Homeজাতীয়‘সংবাদপত্রের কণ্ঠরোধ নয়, অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করুন’: আবুল কালাম এমপি

‘সংবাদপত্রের কণ্ঠরোধ নয়, অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করুন’: আবুল কালাম এমপি

লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম পুরোনো দৈনিক পত্রিকা ‘দৈনিক দিনকাল’-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা, জনস্বার্থে সংবাদ প্রকাশ এবং স্থানীয় পর্যায়ে অনিয়ম-দুর্নীতির তথ্য তুলে ধরার বিষয়ে আলোচনা করেন বক্তারা।

শুক্রবার (১৮ এপ্রিল) লাকসাম পৌরসভার অডিটোরিয়ামে দৈনিক দিনকালের লাকসাম ও মনোহরগঞ্জ প্রতিনিধিদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে বলেন, লাকসাম ও মনোহরগঞ্জে কোনো জবরদখল, বেআইনি বা অসামাজিক কার্যকলাপের ঘটনা ঘটলে তার ভিডিও ক্লিপ বা সংবাদ তাঁর কাছে পাঠাতে হবে। এসব বিষয়ে তাঁর নজরে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, কোনো অনিয়মের সঙ্গে তাঁর দলের কেউ জড়িত থাকলেও সাংবাদিকরা তা সংবাদ আকারে প্রকাশ করবেন। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, সংবাদপত্রের কণ্ঠরোধ করা হবে না। জনস্বার্থের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকতে হবে।

আবুল কালাম এমপি বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি জনগণের অধিকার ও প্রত্যাশার কথা তুলে ধরে। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে দৈনিক দিনকালের চার দশকের পথচলা নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও জনজীবনের বিভিন্ন ঘটনা পাঠকের সামনে তুলে ধরেছে। নানা প্রতিকূলতার মধ্যেও সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টি বক্তারা তুলে ধরেন।

দৈনিক দিনকালের লাকসাম প্রতিনিধি ওমর ফারুকের প্রাণবন্ত সঞ্চালনায় এবং মনোহরগঞ্জ প্রতিনিধি জি এম আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের জীবন-এর সম্পাদক সফিকুর রহমান, লাকসাম উপজেলা বিএনপির সহসভাপতি নূরুন্নবী চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক এমএস দোহা, লাকসাম প্রেসক্লাবের সভাপতি নুর উদ্দিন জালাল আজাদ, সহসভাপতি মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, সাংবাদিক মোঃ মিজানুর রশিদ, সাংবাদিক সমিতির সভাপতি জাফর আহমেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম।

এ ছাড়া অনুষ্ঠানে লাকসাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম একটি সমাজের দর্পণ হিসেবে কাজ করে। স্থানীয় পর্যায়ে মানুষের সমস্যা, দুর্ভোগ, অনিয়ম, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া, তথ্য যাচাই এবং দায়িত্বশীলতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি তথ্যের নির্ভুলতা নিশ্চিত করাও সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা বাড়ানোর মাধ্যমে সমাজের নানা অসংগতি দূর করতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানানো হয়। বক্তারা আগামী দিনেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে অতিথি, সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কেক কেটে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪১ বছরে পদার্পণ উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সবাই পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments