নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম আল হেদায়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসায় আলিম সবক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম নারী শিক্ষার উন্নয়নে মাদ্রাসাটির নতুন ভবন নির্মাণসহ সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, নারী শিক্ষার প্রসার ও শিক্ষার পরিবেশ উন্নত করতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে আল হেদায়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হাশেম মানু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী এবং সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ।
মাদ্রাসার অধ্যক্ষ নাসিমা আক্তার মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্রী-অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


