জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা (লিগ্যাল অফিসার) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাইমা রহমান। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জ্যেষ্ঠ কন্যা। জাতিসংঘের দায়িত্বশীল কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সভাপতির কার্যালয়ের সার্বিক আইনি সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক প্রশাসনিক কাঠামোগত বিষয়াদি দেখভালের দায়িত্ব পালন করবেন তিনি।
আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও কূটনীতির মূল কেন্দ্র হিসেবে পরিচিত সাধারণ পরিষদ সভাপতির এই কার্যালয়ে মোট ৪০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে জাইমা রহমানসহ ছয়জন উচ্চপদস্থ বাংলাদেশি কর্মকর্তা স্থান পেয়েছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক উপস্থিতির পরিচয় বহন করে।
এই নির্বাহী প্যানেলে ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ (উপ-প্রধান) পদ সামলাচ্ছেন প্রবীণ পেশাদার কূটনীতিক আব্দুল আলিম। তিনি দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দ্বিপাক্ষিক মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
নির্বাহী দলটি গঠিত হয়েছে যেসব বাংলাদেশি কর্মকর্তাদের সমন্বয়ে:
- আব্দুল আলিম: ডেপুটি চিফ অব ক্যাবিনেট (উপ-প্রধান)
- জাইমা রহমান: লিগ্যাল অফিসার (আইন কর্মকর্তা)
- মোয়াজ্জেম হোসেন: উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী
- মাফিজুল ইসলাম: জ্যেষ্ঠ উপদেষ্টা (তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস)
- জাকির আহমেদ: জ্যেষ্ঠ উপদেষ্টা (টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন)
- মো. রফিকুল আলম মোল্লা: জ্যেষ্ঠ উপদেষ্টা (বিশেষ চাহিদাসম্পন্ন রাষ্ট্রসমূহ)
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাঁর সভাপত্যেই বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দান করার কথা রয়েছে তারেক রহমানের।
আইন পেশায় সুপ্রতিষ্ঠিত জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যাসন্তান এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি। তিনি যুক্তরাজ্যের খ্যাতনামা কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর ‘বার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০২৬ সালের জুনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষায় সাফল্য অর্জন করেন।
জাতিসংঘের প্রাতিষ্ঠানিক প্রটোকল অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি সরাসরি জাতিসংঘের স্থায়ী বেতনভুক্ত কর্মী নন। সভাপতি কার্যালয়ের বেতন-ভাতা, আবাসন ও আনুষঙ্গিক পরিচালন ব্যয় সংক্রান্ত আর্থিক কাঠামোর বড় অংশ নিজ দেশের সরকার বহন করে থাকে। পাশাপাশি জাতিসংঘের মূল বাজেট ও ট্রাস্ট ফান্ড থেকেও কিছু বিশেষ খরচ নির্বাহ করা হয়।


