চুয়াডাঙ্গা প্রতিনিধি:
“ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা “ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত । দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার( ০১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রবীণ ব্যক্তি, সরকারি কর্মকর্তা, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশ নেন। র্যালিটি শহরের কোর্ট মোড় সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের ডিসি সাহিত্য মঞ্চে গিয়ে শেষ হয়।
পরে ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতে প্রবীণ ব্যক্তিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় প্রবীণদের মর্যাদা, তাদের অভিজ্ঞতার মূল্যায়ন, সামাজিক নিরাপত্তা এবং সুস্থ ও সম্মানজনক দীর্ঘজীবন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠানে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ-জামান। সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লুৎফুন নাহার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. রেজাউল করিম, স্থানীয় সরকার চুয়াডাঙ্গার উপপরিচালক শারমিন আক্তার,চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি হামিদুল হক মুন্সী, পৌর বিএনপির সভাপতি সিরাজুল হক মণি এবং জেলা সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাহজাহান আলী।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। দীর্ঘ কর্মজীবনে অর্জিত তাদের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য মূল্যবান। প্রবীণদের প্রতি সম্মান, পারিবারিক বন্ধন জোরদার এবং তাদের নিরাপদ, সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জাকির হোসেন।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রবীণদের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


