ঝালকাঠি প্রতিনিধিঃ
শুধু পরীক্ষায় জিপিএ-৫ অর্জনই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হতে পারে না; শিক্ষার্থীদের শুদ্ধাচার, স্বাস্থ্য, পুষ্টি ও দক্ষতা অর্জনের ওপরও সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন।
তিনি বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ ও সুস্থ মানবসম্পদে পরিণত করতে শিক্ষার পাশাপাশি পুষ্টি, নৈতিকতা ও প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করা জরুরি।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক জেলা পর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলার ২২০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে জিয়াউদ্দিন হায়দার বলেন, দক্ষতাভিত্তিক শিক্ষা গ্রহণের পাশাপাশি একে অন্যকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। বিশেষ প্রতিভাসম্পন্ন শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
তিনি শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার গ্রহণ, বাড়ির আঙিনায় সবজি চাষ ও হাঁস-মুরগি পালনে উৎসাহিত করেন। একই সঙ্গে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু ছাইদ।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদগুলোর সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে মাধ্যমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের সাফল্য ধরে রাখার বিষয়ে আলোচনা হয়।


