লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি, অশালীন ভাষায় গালাগাল ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গোলাম মাহবুব ছোবহানী নামে এক সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার (২৬ অক্টোবর) তিনি লাকসাম থানায় এ জিডি করেন। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ওই সাংবাদিক।
জিডি সূত্রে জানা যায়, গোলাম মাহবুব ছোবহানী লাকসাম প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক। তিনি দৈনিক মাতৃছায়া পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি এবং বাংলা নিউজ টোয়েন্টি ফোরের ডিজিটাল বিভাগের কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ‘লাকসাম সিটি নিউজ’ নামে একটি ফেসবুক পেজ ও অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করেন।
অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ প্রকাশের জেরে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নূরপুর গ্রামের মনজুরুল হক নামে এক ব্যক্তির কাছ থেকে হুমকি পেয়েছেন সাংবাদিক ছোবহানী।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর লাকসাম কলেজের এক ছাত্রীকে হেনস্তার ঘটনা নিয়ে ১৮ অক্টোবর ২০২৬ তারিখে নিজের পরিচালিত ‘লাকসাম সিটি নিউজ’ ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করেন ওই সাংবাদিক। ওই পোস্টকে কেন্দ্র করে প্রথমে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এবং পরে ফেসবুক পেজের ইনবক্সে তাকে অশালীন ভাষায় গালাগাল করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে প্রাণনাশের হুমকি ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও জিডিতে উল্লেখ করেন তিনি।
এ ধরনের হুমকির কারণে ভবিষ্যতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে জানান সাংবাদিক ছোবহানী। বিষয়টি নিয়ে লাকসাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করলে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
অভিযোগকারী গোলাম মাহবুব ছোবহানী বলেন, “মনজুরুল আমাকে হুমকি, ধমকি ও অশালীন আচরণের যাবতীয় প্রমাণাদি আছে। আমি প্রাথমিকভাবে থানায় সাধারণ ডায়েরি করেছি। প্রয়োজনে সাইবার ট্রাইব্যুনালে এ বিষয়ে মামলা করব।”
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনজুরুল হকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও এ বিষয়ে আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


