নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার ১৯ বছর বয়সী এক তরুণীকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। নিখোঁজ হওয়ার দিন সিসিটিভি ফুটেজে ওই তরুণীকে তাহসিফের সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত শুনানি শেষে তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর রাতে উত্তরার একটি রেস্তোরাঁয় তাহসিফ সাউরির সঙ্গে ওই তরুণীকে সিসিটিভি ফুটেজে দেখা যায়। পরে তাঁরা আরও কয়েকটি স্থানে যান। তাঁদের মধ্যে মুঠোফোনে কথোপকথনও হয়েছে।
পুলিশ জানায়, তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ হিসেবে পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই এবং ঘটনার সঙ্গে তরুণীর সংশ্লিষ্টতা অনুসন্ধানের জন্য তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
এর আগে শনিবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর কাফরুল এলাকা থেকে ওই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন আহমেদ শাহরিয়ার রেজা দীপকেও জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে রাজধানীর তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
তরুণীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তাহসিফের মৃত্যুর পেছনের কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে তদন্তসংশ্লিষ্ট পুলিশ।


