Homeআজকের সর্বশেষ খবরবিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিপর্যয়, ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিপর্যয়, ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

বিশ্বব্যাপী বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির ইমেইল, ক্লাউড স্টোরেজ, অনলাইন মিটিং ও দাপ্তরিক কাজ পরিচালনার জন্য ব্যবহৃত একাধিক জনপ্রিয় ডিজিটাল সেবা কার্যত অচল হয়ে পড়েছে। এ ঘটনায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল থেকে মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা দেখা দেয়। এ সময় দেশটিতে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী মাইক্রোসফটের ইমেইল সেবা আউটলুকে প্রবেশ করতে না পারার অভিযোগ জানান। যুক্তরাষ্ট্রের পাশাপাশি অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে একই ধরনের সমস্যার খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, বিভ্রাটের কারণ চিহ্নিত করে সেবা স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আক্রান্ত সার্ভারগুলো পুনরায় চালু করার মাধ্যমেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের দেওয়া তথ্য অনুযায়ী, এ বিভ্রাটে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত সেবার তালিকায় রয়েছে আউটলুক, মাইক্রোসফট টিমস, শেয়ারপয়েন্ট অনলাইন, মাইক্রোসফট কোপাইলট ৩৬৫, মাইক্রোসফট প্ল্যানার এবং এক্সচেঞ্জ অনলাইন। পাশাপাশি প্রতিষ্ঠানটির ক্লাউডভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা মাইক্রোসফট ডিফেন্ডারও এ সমস্যার আওতায় রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের ডিজিটাল সেবায় এ বিপর্যয়ের প্রভাব পড়েছে দৈনন্দিন জীবন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে। ইমেইল আদান-প্রদান, গুরুত্বপূর্ণ ডেটাবেজে প্রবেশ, অনলাইন ক্লাস, টেলিহেলথ সেবা এবং পণ্য অর্ডারসহ নানা ধরনের ডিজিটাল কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সরকারি সেবাকেন্দ্রও কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেও মাইক্রোসফটের বিভিন্ন সেবায় একই ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছিল। গত জানুয়ারিতে আউটলুক, টিমস ও মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। নতুন করে বিশ্বব্যাপী এ বিভ্রাট প্রতিষ্ঠানটির ডিজিটাল সেবার নিরবচ্ছিন্নতা নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments