Homeজাতীয়সাড়াজাগানো পার্লামেন্টারিয়ান এডভোকেট খালেকুজ্জামানের ২৫তম শাহাদত বার্ষিকী ২৮ সেপ্টেম্বর

সাড়াজাগানো পার্লামেন্টারিয়ান এডভোকেট খালেকুজ্জামানের ২৫তম শাহাদত বার্ষিকী ২৮ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার অঞ্চলের রাজনীতির প্রাণপুরুষ, আলোচিত আইনজ্ঞ ও আইটি বিশেষজ্ঞ, সাড়াজাগানো পার্লামেন্টারিয়ান এবং কক্সবাজার-০৩ (সদর-রামু) আসনে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের ২৫তম শাহাদত বার্ষিকী আগামিকাল (২৮ সেপ্টেম্বর)। এখন থেকে ২৫ বছর আগে ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে লাখো জনতার সামনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছিলেন। কক্সবাজারের ইতিহাসে সর্ববৃহৎ জানাযার মধ্যদিয়ে মানুষ তাঁকে এই পৃথিবী থেকে বিদায় দিয়েছিলেন।

তিনি ছিলেন ২০০১ সালের পহেলা অক্টোবরের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী। নির্বাচনের মাত্র ৩ দিন আগে ২৮ সেপ্টেম্বর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস (খালেকুজ্জামান চত্বর) চত্বরে আয়োজন করা হয়েছিল নির্বাচনী জনসভার। সেই জনসভায় যোগ দিতে গাড়ির বহর নিয়ে আসছিলেন এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান। সমগ্র রামুর সড়কজুড়ে মানুষের ঢল আর তাদের ভালোবাসা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। মানুষের ভালোবাসায় অভিভূত এডভোকেট খালেকুজ্জামান আনন্দের আতিশায্যে হৃদযন্ত্রে ভালোলাগার চাপ নিয়ে লুটিয়ে পড়েন গাড়িতেই। সেখান থেকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলেও তাঁকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেদিনের সেই মৃত্যু ছিল ‘জনতার মাঝে হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায়’। যা ছিল একজন রাজনীতিকের জন্য পরম পাওয়া।

কক্সবাজার সদর-রামু-ঈদগাঁওয়ের মানুষ সেই খালেকুজ্জামানকে আজও ভুলতে পারেননি। তাঁর নিরহংকারী চেহেরা, মানুষের সাথে মিশে যাওয়ার স্বভাব এবং সাধারণ মানুষের জন্য কিছু করতে পারার মানসিকতা তাঁকে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে। সাধারণ মানুষের প্রতি তাঁর সেই ভালোবাসার প্রতিদান পেয়েছেন নিজের ছোট ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। কক্সবাজার, রামু ও ঈদগাঁওর মানুষ পরবর্তীতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠিয়েছিলেন।

এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান ছিলেন অহিংস রাজনীতির আদর্শ। সবাইকে ভালাবাসার রাজনীতি দিয়ে তিনি মানুষের মন জয় করেছিলেন খুব সহজেই। আজও তাঁর সেই ভালোবাসার রাজনীতির বড় অভাব অনুভব করছেন সাধারণ মানুষ।

প্রতিবছর এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের সেই চিরবিদায়ের বেদনাবিদূর দিনটি স্মরণ করা হয় নানা কর্মসূচির মধ্যদিয়ে। এবারও মরহুম এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের স্মরণে ‘এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি পরিষদ’ নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করবে।

এবার কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসন এলাকার মসজিদ-মাদ্রাসায় খতমে কুরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং কবর জিয়ারত কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আলোচনা সভায় অতিথি হয়ে উপস্থিত থাকবেন কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান।

এসব কর্মসূচিতে দল-মত নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি পরিষদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments