নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসেম্বরে কোনো ‘অপশক্তি’ বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে পারবে না বলে বিশ্বাস করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরে ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের অস্থিরতা সৃষ্টির আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।’
অনুষ্ঠানে আনসার-ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি পরিকল্পিত ও উপযুক্ত স্থানে সদর দপ্তর স্থাপনের আকাঙ্ক্ষা ছিল। সেই স্বপ্ন পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনসারের সদর দপ্তর নির্মাণের জন্য ৩ দশমিক ৪৫ একর জায়গা বরাদ্দ পাওয়া গেছে। সেখানে বড় পরিসরে সদর দপ্তর নির্মাণের পরিকল্পনা রয়েছে। খিলগাঁওয়ে আনসার-ভিডিপির মতো বড় একটি বাহিনীর জন্য জায়গার সংকুলান হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে আনসার ব্যাটালিয়নের সদস্য প্রায় ২০ হাজার। অঙ্গীভূত আনসারের সংখ্যা প্রায় ৬০ হাজার। এ ছাড়া ৩৫ হাজার দলনেতার নেতৃত্বে ভিডিপির প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে। সংখ্যার দিক থেকে নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে এটি দেশের অন্যতম বৃহৎ বাহিনী।
আনসার সদস্যদের আবাসন সংকটের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকারি বিভিন্ন স্থাপনা ও মন্ত্রণালয়-অধিদপ্তরের চাহিদা অনুযায়ী আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। তবে তাদের আবাসনের সংকট রয়েছে। বিশেষ করে কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালনকারী সদস্যদের রাত্রিযাপনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই।
এ সমস্যা সমাধানে নতুন সদর দপ্তরে কেন্দ্রীয়ভাবে একটি ডরমেটরি নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি ব্যারাক নির্মাণসহ আনসার সদস্যদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
আনসার ব্যাটালিয়নের জন্য দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আনসার ব্যাটালিয়নের ভূমিকা আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।
তিনি বলেন, আনসার ব্যাটালিয়নের ঐতিহাসিক কিছু অর্জন রয়েছে। রাষ্ট্রের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আনসার, ভিডিপি ও অঙ্গীভূত সদস্যরা ভবিষ্যতেও দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।
আনসার সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তাদের যেসব দাবি এখনো পূরণ হয়নি, সেগুলো পর্যায়ক্রমে পূরণ করার চেষ্টা করা হবে।


