Homeরাজনীতিবাউফলে আগুনে পুড়ল ৭ লাখ টাকার সঞ্চয়, ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপি নেতার ১...

বাউফলে আগুনে পুড়ল ৭ লাখ টাকার সঞ্চয়, ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপি নেতার ১ লাখ টাকা সহায়তা

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে বসতঘর, গবাদিপশু ও আসবাবপত্রের সঙ্গে পুড়ে গেছে বোনের বিয়ের জন্য দীর্ঘ ১০-১২ বছরে জমানো প্রায় সাত লাখ টাকা। কৃষিকাজ ও গরু-ছাগল পালন করে ধীরে ধীরে গড়ে তোলা সঞ্চয় হারিয়ে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর। তিনি পরিবারটিকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেনের পরিবারের হাতে এ সহায়তা দেওয়া হয়।

এর আগে গত রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাংলালিংক টাওয়ারসংলগ্ন এলাকায় মোশাররফ হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দুটি গরু, ছয়টি ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়। একই সঙ্গে ঘরে রাখা বোনের বিয়ের জন্য সঞ্চিত প্রায় সাত লাখ টাকাও পুড়ে নষ্ট হয়। এতে বসতঘর ও গবাদিপশু হারানোর পাশাপাশি পরিবারের দীর্ঘদিনের সঞ্চয়ও শেষ হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেন জানান, কৃষিকাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি। গত ১০ থেকে ১২ বছরে পাঁচটি গরু ও ৪০টির বেশি ছাগল বিক্রি করে অল্প অল্প করে প্রায় সাত লাখ টাকা জমিয়েছিলেন। নিজের বোনের বিয়ের খরচ মেটাতে সেই টাকা ঘরে রেখেছিলেন। কিন্তু আগুনে সব পুড়ে যাওয়ায় তার দীর্ঘদিনের পরিশ্রম ও সঞ্চয় এক মুহূর্তে শেষ হয়ে গেছে।

মোশাররফের এই ক্ষতির খবর পেয়ে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বাউফল পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি। তারেক রহমানের পক্ষ থেকে আমি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহায়তা করেছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments