লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এবং নিবন্ধিত যুব সংগঠনের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
রোববার (১ নভেম্বর) লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুননেছা পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জান্নাতুল ফাতেমা চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহমেদ উল্লাহ সবুজ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কাজে লাগিয়ে তরুণ-তরুণীরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। এ ক্ষেত্রে যুবসমাজকে ইতিবাচক চিন্তা, দক্ষতা অর্জন ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে প্রশিক্ষণ সম্পন্নকারী যুবক-যুবতীদের মধ্যে সনদ, উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক এবং নিবন্ধিত যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় গণমাধ্যমকর্মী, বিভিন্ন নিবন্ধিত যুব সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।


