Homeনির্বাচিত সংবাদজামায়াতের গঠনতন্ত্রে বড় পরিবর্তনের উদ্যোগ, আসছে উপদেষ্টা পরিষদ

জামায়াতের গঠনতন্ত্রে বড় পরিবর্তনের উদ্যোগ, আসছে উপদেষ্টা পরিষদ

অনলাইন ডেক্স: 
কট্টরপন্থি রাজনৈতিক অবস্থান থেকে সরে এসে সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য ও গণমুখী রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে দলটির ৮৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি নতুন উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনা করছে দলটি। এই পরিষদের সদস্য হতে জামায়াতের রুকন (শপথধারী সদস্য) হওয়ার বাধ্যবাধকতা থাকবে না।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। বর্তমানে দলের গঠনতন্ত্র সংশোধন কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

দলটির নীতিনির্ধারকদের ধারণা, একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে এবং রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে শুধু দলীয় নেতাকর্মীদের ওপর নির্ভর করলে চলবে না। এ জন্য বিভিন্ন শ্রেণি-পেশার অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ জরুরি। বিশেষ করে রাষ্ট্র পরিচালনা, প্রশাসন, অর্থনীতি, কূটনীতি ও সামাজিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করতে চায় দলটি।

বর্তমানে জামায়াতের নীতিনির্ধারণী ফোরামগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরা। এসব ফোরামে রুকন ছাড়া বাইরের কাউকে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। ফলে প্রথমবারের মতো রুকন হওয়ার শর্তের বাইরে গিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা করছে দলটি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি কাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কমিটিতে উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়টি আলোচনা হয়েছে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদও এতে নীতিগত সম্মতি দিয়েছে।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের যুগান্তরকে বলেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। গঠনতন্ত্র সংশোধন কমিটিতে এ নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জামায়াত আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা করা হচ্ছে। সংশোধন কমিটি পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সূত্রমতে, প্রস্তাবিত উপদেষ্টা পরিষদে সাবেক বেসামরিক ও সামরিক কর্মকর্তা, সাবেক সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিরোধী দল হিসেবে দেশ পরিচালনায় গঠনমূলক ভূমিকা রাখা এবং ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে প্রশাসনিক ও নীতিগত চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি হিসেবেও এ উদ্যোগকে দেখছে দলটির নীতিনির্ধারকরা।

দলীয় সূত্র আরও জানায়, বিভিন্ন পেশাজীবী অঙ্গনে জামায়াতের সাংগঠনিক দুর্বলতা রয়েছে। বিশেষ করে ক্রীড়াঙ্গন, সংস্কৃতি ও সাংবাদিকতা অঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে কাজ করছে দলটি। এসব ক্ষেত্রে জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্যেই নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের ৫০০ উপজেলা থেকে সহস্রাধিক প্রতিনিধি এতে অংশ নেবেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এ প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের ছায়া মন্ত্রিসভায় বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞদের নিয়ে একটি বড় দল কাজ করছে। তারা সংগঠনকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। সরকারের বিভিন্ন ভুল ও সীমাবদ্ধতা তুলে ধরার পাশাপাশি জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে সেসব সমস্যা কীভাবে মোকাবিলা করা যায়, তার টেকসই সমাধান খোঁজা হচ্ছে। জামায়াতকে একটি গণমুখী রাজনৈতিক দলে পরিণত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র সংশোধনের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রথমে সংশ্লিষ্ট উপকমিটির সুপারিশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদে উত্থাপন করা হবে। এরপর কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরার অনুমোদন নিতে হবে। সবশেষে রুকন সম্মেলনে তা পাস করানোর বিধান রয়েছে।

তবে কেন্দ্রীয়ভাবে প্রায় সোয়া লাখ রুকনের সম্মেলন আয়োজন করা সম্ভব না হলে বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলনের মাধ্যমে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

সব মিলিয়ে গঠনতন্ত্র সংশোধন, রুকনের বাইরের বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা এবং পেশাজীবী অঙ্গনে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী নিজেদের রাজনৈতিক অবস্থান ও জনগ্রহণযোগ্যতায় নতুন মাত্রা যোগ করতে চাইছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments