নিজস্ব প্রতিবেদক:
অনুমোদিত নকশা ও নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় নির্মিত ৭টি ভবনের নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর ডাক্তারপাড়া ও কান্দিরপাড় এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে এ নির্দেশনা দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবু।
অভিযানকালে কর্মকর্তারা ভবনগুলোর অনুমোদিত নকশা, সরকারি নিয়মাবলী ও সংশ্লিষ্ট কাগজপত্র খতিয়ে দেখেন। নির্ধারিত সেটব্যাক (জায়গা ছাড়ার বিধান) না মানা এবং অনুমোদিত নকশার শর্ত লঙ্ঘনের সত্যতা পাওয়ায় ভবনগুলোর কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে কর্তৃপক্ষ জানায়, বহুতল ভবন নির্মাণে অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করায় প্রাথমিকভাবে কাজ বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, নগরীতে সুপরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে নকশাবহির্ভূত ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিধিমালা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্যবৃন্দ, সহকারী অথরাইজড অফিসার মো. শরিফুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


