চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গ্রেপ্তারের পর হামলা করে হাতকড়া নিয়ে পালালেন কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য। এ ঘটনায় লক্ষ্মণ, ফিরোজ, কণা ও সোনালী নামে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, আবু ছিদ্দিককে গ্রেপ্তারে রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানার একটি দল। তাকে গ্রেপ্তার করে হাতকড়া পরানোর পর পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ করে। একপর্যায়ে হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যান আবু ছিদ্দিক।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে আটক করতে গেলে পুলিশের ওপর হামলা চালায় তার পরিবারের সদস্যরা, এতে তিনি পালিয়ে যান। এই হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


