লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসাইন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা আবু নছর আশ্রাফী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজন।
পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, তাঁর অনুপম চরিত্র, মানবিক মূল্যবোধ এবং ব্যক্তি ও সমাজজীবনে তাঁর শিক্ষার গুরুত্ব তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা মহানবী (সা.)-এর জীবনকে মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে উল্লেখ করে তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণের আহ্বান জানান। তাঁরা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করা গেলে ন্যায়বিচার, মানবিকতা, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
বক্তারা আরও বলেন, মহানবী (সা.)-এর শিক্ষা শুধু ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সততা, আমানতদারি, মানুষের প্রতি সহমর্মিতা, ন্যায়পরায়ণতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের পথনির্দেশনা দেয়। বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও বিভেদ দূর করতে তাঁর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
সভায় মহানবী (সা.)-এর সুমহান জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করা হয় এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


