Homeজাতীয়লাকসামে সরকারের ৭ মাসে ৪৯ প্রকল্প বাস্তবায়ন, ব্যয় সাড়ে ৩৩ কোটি টাকা

লাকসামে সরকারের ৭ মাসে ৪৯ প্রকল্প বাস্তবায়ন, ব্যয় সাড়ে ৩৩ কোটি টাকা

মশিউর রহমান সেলিম, কুমিল্লা:
কুমিল্লার দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক নগরীখ্যাত লাকসাম উপজেলায় বর্তমান সরকারের সাত মাসে প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে ৪৯টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উপজেলার আটটি ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া আরও কয়েক কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলার আটটি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে সড়ক নির্মাণ, যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজের অংশ হিসেবে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়। স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের সার্বিক সহযোগিতা এবং উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদানের তত্ত্বাবধানে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এলজিইডি সূত্রে জানা যায়, সরকারের সাত মাসে প্রথম ধাপে ৯টি প্রকল্পে ১৫ কোটি ৪ লাখ ৩১ হাজার ৫৯১ টাকা বরাদ্দে ১২ হাজার ৬৩ মিটার সড়কের কাজ করা হয়েছে। দ্বিতীয় ধাপে তিনটি প্রকল্পে ২ কোটি ৬১ লাখ ৮৮ হাজার ৮১৭ টাকা বরাদ্দে ৪ হাজার ২৮ মিটার, তৃতীয় ধাপে ১০টি প্রকল্পে ১১ কোটি ১৬ লাখ ৩২০ টাকা বরাদ্দে ৭ হাজার ৭৫৬ মিটার এবং চতুর্থ ধাপে একটি প্রকল্পে ২ কোটি ৮৬ লাখ ৮ হাজার ৪৪৪ টাকা বরাদ্দে ৩৫ মিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে।

এ ছাড়া ক্ষুদ্র যোগাযোগব্যবস্থার উন্নয়নে পঞ্চম ধাপে ৪৮ লাখ টাকা বরাদ্দে ১৬টি প্রকল্প এবং ষষ্ঠ ধাপে ৪০ লাখ টাকা বরাদ্দে আরও ১০টি প্রকল্পের কাজ সম্পন্ন করেছে সংশ্লিষ্ট দপ্তর।

উপজেলার বাকই দক্ষিণ, মুদাফরগঞ্জ উত্তর ও দক্ষিণ, গোবিন্দপুর, কান্দিরপাড়, উত্তরদা, আজগরা এবং পূর্ব লাকসাম (নরপাটি) ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে গ্রামীণ যোগাযোগব্যবস্থা সচল রাখা এবং নাগরিক সুবিধা বাড়াতে প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এডিবির অর্থায়নে কয়েকটি প্রকল্পের পাশাপাশি উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায়ও বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। কিছু প্রকল্প নিয়ে স্থানীয় পর্যায়ে বিতর্ক দেখা দিলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপে সেগুলোর কাজ সম্পন্ন করা হয় বলে জানা গেছে।

আগামী দিনে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্যের উন্নয়ন সমন্বয়কারী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু এবং উপজেলা উন্নয়ন কমিটি তদারকি করছে বলে সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে, উপজেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও যোগাযোগে বিঘ্ন ঘটায় তা সম্ভব হয়নি।

উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় চলমান বিভিন্ন প্রকল্পের পাশাপাশি নতুন প্রকল্প অন্তর্ভুক্তির জন্য কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের নির্দেশনায় এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে ডিও লেটার পাঠানো হয়েছে। নতুন প্রকল্পগুলো দ্রুত অনুমোদন পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments