Homeজাতীয়ডিবিসি নিউজের কার্যালয় থেকে আটক রাজীব ঘোষ মধ্যরাতে মুক্ত, গ্রেপ্তার ইকবাল সোবহান...

ডিবিসি নিউজের কার্যালয় থেকে আটক রাজীব ঘোষ মধ্যরাতে মুক্ত, গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়ার পর চ্যানেলটির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মধ্যরাতে ছেড়ে দেওয়া হয়েছে। তবে একই কার্যালয় থেকে নেওয়া ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ২০২৪ সালের জুলাই-সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, রাজীব ঘোষকে জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতার কোনো তথ্য না পাওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাজীব ঘোষকে মুক্তি দেওয়া হলেও ইকবাল সোবহান চৌধুরীকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গত ১৫ এপ্রিল সৌদি আরব যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে। ওই দিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে কী কারণে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল, সে বিষয়ে তখন বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে জাতীয় প্রেস ক্লাবে তাকে সর্বশেষ প্রকাশ্যে দেখা যায় বলে জানা গেছে।

তিনি একসময় ডিবিসি নিউজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments