Homeজাতীয়বিচ্ছিন্ন ঘটনা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচ্ছিন্ন ঘটনা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ককটেল বিস্ফোরণ কিংবা পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিংবা অবনতি মূল্যায়ন করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকার ঘটনায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন পালিয়ে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে একটি গাড়ির ছাদের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। একইভাবে চালক-হেলপারবিহীন পরিত্যক্ত বাস কিংবা গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে গেছে বলাও যৌক্তিক নয়।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে তিনি বলেন, বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের আগ্রহকে সরকার স্বাগত জানায়। বিরোধী দল সক্রিয় থাকলে গণতান্ত্রিক পরিবেশের জন্য তা ইতিবাচক। সরকারও বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে।

তবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে কি না এবং দেশের ভেতরে কারা তাদের সহযোগিতা করছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা সংশ্লিষ্ট ফোন নম্বর ও বার্তার বিস্তারিত তথ্য দিলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির জন্য দেশের বাইরে থেকে নীলনকশা করা হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রচেষ্টার পেছনে দেশের ভেতরেও বিনিয়োগ করা হয়েছে বলে সরকারের ধারণা। তবে সরকার সফলভাবে সেই প্রচেষ্টা নস্যাৎ করেছে বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা অতিরিক্ত বল প্রয়োগ করেনি; বরং বাহিনীর সদস্যরাই আহত হয়েছেন। তাদের উসকানি দিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। কিন্তু সরকার সচেতনভাবে সে সুযোগ দেয়নি।

শিল্পাঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্প এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষায় সরকার কাজ করছে।

শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, সবাই সরকারকে সহযোগিতা করছেন। তবে কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের দোসর শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। কয়েকজন শিল্প মালিকের সহযোগিতাও তারা পেয়েছেন বলে সরকার লক্ষ্য করেছে। তবে তাদের সেই চেষ্টা সফল হয়নি।

সংসদে শিল্প মালিক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না। অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে। দেশে বিনিয়োগের পরিবেশ বজায় থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি-অবনতি নিয়ে পরিসংখ্যানের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, সংসদে উপস্থাপিত একটি সংবাদপত্রের প্রতিবেদনে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। সংখ্যাটি ২ হাজার ৯৩৮ হতে পারে বলেও তিনি জানান। তবে পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে।

তিনি বলেন, উন্নতি ও অবনতি আপেক্ষিক বিষয়। আগের বছরের একই সময়ের পরিসংখ্যানের সঙ্গে তুলনা না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত আগামীকাল সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলেও জানান তিনি। পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান তুলে ধরবেন, যাতে যে কেউ তথ্যের সত্যতা যাচাই করতে পারেন।

বক্তব্যের শেষ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের বাইরে থেকে কোনো ষড়যন্ত্র বা নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদের পতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ সেই শক্তিকে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সরকার তা উন্মোচন করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments